ফটিকছড়িতে জামায়াত প্রার্থীর আইনজীবীকে ১০০ কোটি টাকার মানহানির হুমকি, বিএনপি নেতার নোটিশ

ভিডিও সরানোর আল্টিমেটাম, হাইকোর্টে সরোয়ারের প্রার্থিতা বৈধ

ফটিকছড়ি ফটিকছড়ি প্রতিনিধি | ২৭ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ফেসবুকে মর্যাদাহানিকর মন্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে জামায়াত প্রার্থী নুরুল আমিনের আইনজীবী মোহাম্মদ ইসমাইল গণিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তিন দিনের মধ্যে ভিডিও না সরালে ১০০ কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রেজিস্টার্ড ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসান উদ্দীনের মাধ্যমে এই নোটিশ পাঠান ফটিকছড়ি পৌরসভা যুবদলের সিনিয়র সহসভাপতি ও বিএনপি প্রার্থীর কর্মী মো. বেলাল।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে দেওয়া সব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক ভিডিও বার্তা সরিয়ে নিতে হবে। অন্যথায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হবে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য বিবাদী নিজেই দায়ী থাকবেন।

নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মো. হাসান উদ্দীন জানান, রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আইনজীবী মোহাম্মদ ইসমাইল গণিকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি জামায়াত প্রার্থী নুরুল আমিনের পক্ষ নিয়ে ফটিকছড়ির সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়াতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ক্রমাগত প্রোপাগান্ডা চালাচ্ছেন। এতে প্রার্থীর ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্মানহানি ঘটছে এবং জনমনে বিভেদ তৈরি হচ্ছে। এতে নোটিশদাতা চরমভাবে ক্ষুব্ধ।

এ বিষয়ে নোটিশদাতা মো. বেলাল বলেন, বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আইনজীবী ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দল ও প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছেন। তাই দলের একজন কর্মী হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে ফটিকছড়ি আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আইনি লড়াই এখন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাইকোর্ট বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন বলে জানা গেছে। তবে জামায়াত প্রার্থীর আইনজীবী মোহাম্মদ ইসমাইল গণি জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিএমপি (দেওয়ানি বিবিধ পিটিশন) দায়ের করা হচ্ছে।

শেয়ার করুন