বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ‘অপপ্রচার’: জামায়াত প্রার্থীর আইনজীবীকে ১০০ কোটির নোটিশ

ভিডিও সরাতে ৩ দিনের আল্টিমেটাম • হাইকোর্টে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বৈধ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচনী উত্তাপ এবার গড়িয়েছে আইনি লড়াই ও মানহানির নোটিশে। বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মর্যাদাহানিকর মন্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী নুরুল আমিনের আইনজীবী মোহাম্মদ ইসমাইল গণিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে ভিডিও সরিয়ে না নিলে ১০০ কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রেজিস্টার্ড ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসান উদ্দীনের মাধ্যমে এই নোটিশ পাঠান ফটিকছড়ি পৌরসভা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও বিএনপি প্রার্থীর কর্মী মো. বেলাল।

নোটিশে যা বলা হয়েছে নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে দেওয়া সব ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক’ ভিডিও বার্তা সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হবে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য বিবাদী নিজেই দায়ী থাকবেন বলে উল্লেখ করা হয়।

আইনজীবী মোহাম্মদ ইসমাইল গণিকে উদ্দেশ্য করে নোটিশে বলা হয়, ‘আপনি জামায়াত প্রার্থী নুরুল আমিনের পক্ষ নিয়ে ফটিকছড়ির সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়াতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ক্রমাগত প্রোপাগান্ডা চালাচ্ছেন। এতে প্রার্থীর ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্মানহানি ঘটছে এবং জনমনে বিভেদ তৈরি হচ্ছে।’

আইনজীবী মো. হাসান উদ্দীন নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশদাতার বক্তব্য এ বিষয়ে নোটিশদাতা মো. বেলাল বলেন, ‘জামায়াত প্রার্থীর আইনজীবী ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দল ও বিএনপি প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছেন। তাই দলের একজন কর্মী হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

একনজরে ঘটনা:

  • অভিযোগ: ফেসবুকে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মর্যাদাহানিকর ভিডিও প্রচার।
  • নোটিশদাতা: বিএনপি কর্মী ও যুবদল নেতা মো. বেলাল।
  • বিবাদী: জামায়াত প্রার্থীর আইনজীবী ইসমাইল গণি।
  • দাবি: ৩ দিনের মধ্যে ভিডিও অপসারণ, অন্যথায় ১০০ কোটি টাকার মামলা।

 

হাইকোর্টে সরোয়ারের প্রার্থিতা বৈধ এদিকে ফটিকছড়ি আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আইনি লড়াই এখন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাইকোর্ট বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে জামায়াত প্রার্থীর আইনজীবী মোহাম্মদ ইসমাইল গণি জানান, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিএমপি (দেওয়ানি বিবিধ পিটিশন) দায়ের করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন